মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পিকআপচালক রুমান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তোতা মিয়া নওগাঁর রাণীনগর থানার পারুল ভূসিয়া গ্রামের আমজাদের ছেলে। আহত চালক রুমানের বাড়ি বগুড়ার আদমদিঘী এলাকায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাছের পোনা বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তোতা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল স্পেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চালক রুমানকে উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গজারিয়া ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।