এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়িতে তাঁর বাস। তিনি মামুন মিয়া ও মুক্তা বেগমের কন্যা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।”

উল্লেখ্য, বন্যার কারণে চট্টগ্রামে ৩২টি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত বৃহস্পতিবার থেকে ওই স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়। আজ শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।