নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে হাসান আলী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভরতপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় সবার অগোচরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, "পানিতে ডুবে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।"
পুলিশ আরও জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।