ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে যে ধরনের কাজ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে এমন কাজ আগে কেউ করতে পারেনি বলে দাবি করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “সমাজে এমন কিছু নেতা আছেন যারা শুধু বক্তৃতাই দেন কিন্তু বাস্তবে তাদের কোনো কাজ করতে দেখা যায় না। আবার কিছু নেতা আছেন যারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণিত করেন।”

ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন, “ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছেন, ক্যাম্পাসে সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি সবকিছুকে শূন্যের কোঠায় নামিয়ে এনে ছাত্রদের মূল কাজ পড়াশোনা, গবেষণা, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি উত্তীর্ণ মেধাবীদের সম্মাননা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ব্যাগ ও কলম তুলে দেওয়া হয়।