নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় এ মিছিলের ঘটনা ঘটে।
ঝটিকা মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আইডি থেকে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, পূর্বধলা উপজেলার ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁদের কারও হাতে কালো পতাকা, আবার কারও হাতে ব্যানার ছিল।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মুক্তকণ্ঠকে মুঠোফোনে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি শুনেছি। ভিডিও দেখে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া এসব নেতা-কর্মীকে শনাক্ত করা হচ্ছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার অন্তত চারজন বাসিন্দা জানান, শুক্রবার সকাল পৌনে আটটার কিছুক্ষণ পর হঠাৎ করে বেশ কিছু যুবক একত্র হয়ে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিটব্যাপী মিছিল শেষে তাঁরা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে চলে যান।