ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক আয়োজিত তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

২০ আগস্ট শুরু হওয়া এই কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশগ্রহণকারীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের গুরুত্ব তুলে ধরেন।

ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।