বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আস্থা প্রকাশ করেছেন যে মির্জা ফখরুল তাঁর মেয়াদ সফলভাবে পূর্ণ করবেন।
আজ শুক্রবার এক অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
ভারতের রাষ্ট্রপতি জানান, মানুষের জন্য কাজ করা এবং রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে—যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্ব। দ্রৌপদী মুর্মু আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান ভারতের রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।