মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, নিজ এলাকাকে অপরাধমুক্ত ও আলোকিত করার লক্ষ্যে আরিফুল ইসলাম ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে তার গ্রাম গন্ধমরুয়ায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, এর জেরেই গত ১ আগস্ট কলেজ শেষে বাড়ি ফেরার পথে জুয়া চক্রের মূলহোতা রহিদুল ইসলামের সন্ত্রাসী বাহিনী তার ওপর অতর্কিত হামলা চালায়। রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
আক্রান্ত আরিফুলকে দ্রুত উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। টানা আট দিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, আরিফুল আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন তার পুত্রসন্তানের জন্ম হয়।
নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, "আমার ছেলে তো কোনো অপরাধ করেনি, সমাজটাকে ভালো রাখতে চেয়েছিল। আজ আমার নাতিটা এতিম হয়ে গেল। আর আমরা ঘুরে বেড়াচ্ছি আসামিদের হুমকির ভয়ে।"
এই ঘটনায় আদিতমারী থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে জামিনে থাকা আসামিরা পরিবারটিকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক মূল অভিযুক্ত রহিদুলসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।