সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার বৃদ্ধি করা হয়েছে। নতুন পাঁচজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। শুক্রবার রাতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।
নতুন রদবদলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বর্তমানে মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছু আগে তিনি নিজেই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানের পর রাতে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান। এছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভা গঠনের তিন মাস পর দীপেন দেওয়ানের পদত্যাগের ফলে এই পদটি শূন্য হয়েছিল।
নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের এবং হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন, ফলে এই মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।