চ্যানেল আইয়ের অনলাইন প্রধান আহসান কামরুলের বিরুদ্ধে চাঁদা দাবি এবং তা না দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশের গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ই-লার্নিং প্রতিষ্ঠানের মালিক মাসুদ আলমের দাবি, গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন মাধ্যমে তার কাছে চাঁদার জন্য চাপ দিচ্ছিলেন আহসান কামরুল। তবে এই দাবি পূরণ না করায় গত শুক্রবার রাতে চ্যানেল আইয়ের অনলাইন সংস্করণে মাসুদ আলমের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, নিউজটি প্রকাশের আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তা লিখে অন্য এক সাংবাদিকের কাছে পাঠিয়েছিলেন আহসান কামরুল। একই সঙ্গে ওই সংবাদ প্রচার ঠেকানোর শর্তে কিছু অর্থের ব্যবস্থা করতে তাকে অনুরোধ জানান। কামরুলের সেই অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় আক্রোশ বশত শুক্রবার অনলাইনে সম্পূর্ণ মিথ্যা সংবাদটি প্রকাশ করা হয় বলে জানা গেছে।
এই বিষয়ে কামরুলের কাছ থেকে নিউজ পাওয়া ওই সাংবাদিক নাম প্রকাশ না করে মুক্তকণ্ঠ-কে নিশ্চিত করেছেন, ‘কামরুল নিউজ লিখে পাঠিয়েছিল। উত্তরে আমি লিখি ‘কী করব?’ পরে তিনি ফোন করে বলেন, ‘আপনি দেখেন ভাই কিছু করেন।’ তখন কী করব জানতে চাইলে বলেন, ‘আপনি তো বোঝেন, আপনার মতো করে দেখেন কতটুকু করা যায়।’
অভিযুক্ত আহসান কামরুলের বক্তব্য জানতে মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো বার্তার উত্তর দেননি।