সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশে ফিরেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৪৩৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় এই অনন্য সাফল্য অর্জন করেন তিনি। পুরস্কার হিসেবে তাকে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল প্রদান করা হয়।
রাজধানীর আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। সবকটি ধাপ সফলভাবে অতিক্রম করে তিনি সেরা হওয়ার গৌরব অর্জন করেন।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহপাঠী ও মাদ্রাসার শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে তাকে ছাদখোলা গাড়িতে করে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।
আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি দেখেছি, বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, আমরা এমন বিশ্বজয় করার পরও সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ফোন পাইনি। তবে মাননীয় সংসদ সদস্য হানজালা জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সাহেবের সাথে কথা বলেছেন। অপু সাহেব বলেছেন, শুধু ভিডিও কলে কেন? বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরের লাঞ্চ করবেন।”
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল এক কোটি ছাব্বিশ লাখ সৌদি রিয়াল। পাঁচটি পৃথক শাখায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক বিচারক প্যানেল হিফজ, তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করেন। সব মিলিয়ে মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।