সুনামগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি করা হয়। মামলার বাদী হলেন উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা সোহাগ তালুকদার।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহসম্পাদক মেহেদী হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সদস্য সাগর মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সালমান মিয়া এবং সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন আখঞ্জি প্রমুখ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে যে, পূর্বপরিকল্পিতভাবে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা সেখানে জড়ো হয়ে মিছিলসহ অপরাধ সংঘটনের চেষ্টা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ উল্লাহ ভূইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার তিনি মুক্তকণ্ঠকে বলেন, "বৃহস্পতিবার রাতে সোহাগ তালুকদার নামের একজন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"