প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাচিং প্রু জেরীর মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে বান্দরবানের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘ বিরতির পর বান্দরবান থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গত ১ জুন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন, যা পরবর্তীতে গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নোটিশেও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীপেন দেওয়ানের পদত্যাগের পর এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। অবশেষে সাচিং প্রু জেরীর নাম চূড়ান্ত হলে শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটে।
সাচিং প্রু জেরী বান্দরবানের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এবং বোমাং রাজপরিবারের সদস্য। ১৯৮৬ সালে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদে ফেরেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে এবারের মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছেন দলীয় নেতাকর্মীরা।