নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার আরও একজন মন্ত্রীর দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের সূত্রে এই তথ্য জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পর তিনি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। নতুন চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী আবদুল মঈন খান। অন্যদিকে, প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা)-কে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে দীপেন দেওয়ান এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও তিন মাসের মাথায় পদত্যাগ করেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির (টেকনোক্রেট)। এর আগে থেকেই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলাম তাঁর পদে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।