কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের বিশেষ চেকপোস্টে তল্লাশিতে ১০ হাজার পিস ইয়াবাসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার নিকট সতানন্দি এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহার নেতৃত্বে একটি দল মহাসড়কে নিয়মিত তল্লাশিচৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে চালক রুবেলকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, "ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে মহাসড়কে পুলিশের এমন কঠোর প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।"