সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী একটি হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে রুকাইয়া নুর (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যান রুকাইয়া নুর।
হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, "মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটা নদীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের লোকজনের অগোচরে হঠাৎ করে শিশু রুকাইয়া নুর নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।"
ঘটনার খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি স্থানীয় লোকজন জাল ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে তল্লাশি চালিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, "বিকাল পৌনে ৩টার দিকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাই। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। অন্ধকার নেমে আসায় সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়, শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।"