দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করেন।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। এই তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

২০২৪ সালের জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়। সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণের শুরুতে ভোট প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

টানা তিন ঘণ্টা ভোটগ্রহণের পর বিকেল ৫টায় প্রক্রিয়াটি শেষ হয়। এরপর প্রায় ২০ মিনিট ভোট গণনার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ ৮৮ ভোট পান। ৬টি ব্যালট অব্যবহৃত থাকে এবং আইনি প্রক্রিয়া মেনে ত্রুটির কারণে চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।

ফলাফল ঘোষণার পর সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।

পরবর্তীতে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক সরকারি গেজেটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।