দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে তার নিজ কার্যালয়ে যাবেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির মহাসচিবের দায়িত্বে দীর্ঘদিন থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। নির্বাচনের আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।