সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে এসে চলন্ত হাউসবোট থেকে পানিতে পড়ে রোকাইয়া নূর (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল খেয়াঘাট এলাকার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট ২ নম্বর সড়ক এলাকার শাহনুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনুর রহমানের পরিবারসহ ২০ জন পর্যটক নিয়ে ‘সাফিনা লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোট শুক্রবার সকালে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরে আসে। বিকেল বেলা হাওর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হওয়ার পথে বৌলাই নদে হঠাৎ নদীতে পড়ে যায় রোকাইয়া নূর। ঘটনার পরপরই বোটে থাকা পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেল চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি।
হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন জানান, "মধ্যনগর থেকে হাউসবোটটি প্রথমে টাঙ্গুয়ার হাওরে আসে। এরপর যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয়। পথে পরিবারের লোকজনের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।"
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, "সন্ধ্যা হয়ে যাওয়ার উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু করা হবে।"
উল্লেখ্য, গত ৬ জুন টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হাউসবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে আট বছরের শিশু মৌমাতা সরকারের (নিঝুম) মৃত্যু হয়েছিল।