খাগড়াছড়ির মানিকছড়িতে দাদির কুলখানির আয়োজন চলাকালে ঘরের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সালাউদ্দিন আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক। পরিবার সূত্রে জানা গেছে, তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার আরিফের দাদির কুলখানির অনুষ্ঠান ছিল। সকাল থেকে পরিবারের সদস্যরা রান্নাবান্না ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। এরই মাঝে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ ঘরের ভেতর চলে যান। পরবর্তীতে স্বজনেরা তার বাবার ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।

ঘটনার খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরিফের বাবা মিছির আলী জানান, আরিফ তার স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করতেন। দাদির মৃত্যুর খবর পেয়ে দুদিন আগে তিনি তিনটহরীতে এসেছিলেন। কুলখানির দিনে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।"