ময়মনসিংহ নগরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে নগরের গাঙ্গিনারপাড় এলাকায় সংগঠনটির একদল নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ নেতা আক্তারুজ্জামান রবিনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে নেতাকর্মীরা অবস্থান করে বিভিন্ন স্লোগান ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর পুলিশ উপস্থিত হলে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "মিছিলের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। জেলা গোয়েন্দা পুলিশ মিছিলে ধাওয়া করলে তারা পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।"