সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ জে এম সালাহউদ্দিন নাগরী। তিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
উল্লেখ্য, ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছিল রফিকুল আই মোহাম্মদকে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে আবারও বদলি করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন এনেছিল সরকার। সে সময় চুক্তিভিত্তিক কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব চুক্তিতে আরও এক বছর বহাল থাকছেন।