খাগড়াছড়ির আলুটিলা বড় ব্রিজ এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ওই এলাকায় ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোতাহের হোসেন (৫৪) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের মৃত আবদুল খায়েরের ছেলে। তিনি রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিএফ’-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটিতে পেশাগত কাজ শেষ করে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোতাহের। আলুটিলা বড় ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি চাঁদের গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"