চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। আটক ওই যুবককে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আটক মো. ইউসুফ (২৫) উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে ইউসুফ ও তার দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে জড়ো হয়ে খুঁটির নিচ ঘিরে ফেলেন। এসময় ইউসুফ ধরা পড়লেও তার সহযোগী মো. শামীম ও মো. আফজাল পালিয়ে যেতে সক্ষম হন।
ধরা পড়ার পর উত্তেজিত জনতা ইউসুফকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর উপজেলার সহকারী প্রকৌশলী রাকিব হোসেন জানান, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আগের চুরির ঘটনাগুলোতে থানায় পৃথক মামলা করা রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, "স্থানীয়দের হাতে ধরা পড়া অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া অন্য দুই সঙ্গীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।"