আজ সন্ধ্যায় বঙ্গভবনে জোড়া শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন রাষ্ট্রপতির সামনেই মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ পাঠ করবেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটায় মহামান্য রাষ্ট্রপতি দরবার হলে উপস্থিত হবেন। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর মাননীয় স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজধানীর গুলিস্তানে বঙ্গভবন সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়েছে এবং দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচলে ডাইভারশন রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

রাষ্ট্রপতির শপথের আগে বঙ্গভবনে আসবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করে দরবার হলে যাবেন।

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।

সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। ভোট গণনা শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন এবং সন্ধ্যায় গেজেট প্রকাশ করা হয়।