লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।
অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক পোশাকশ্রমিক ও তার পরিবারের চিকিৎসার মাধ্যমে ওই পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ইউসুফ আলী। পোশাকশ্রমিক ওই ব্যক্তি কাজের সূত্রে ঢাকায় অবস্থান করায় তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে থাকেন।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ওই পরিবারের এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। বাড়িতে একা থাকা অষ্টম শ্রেণির ওই কিশোরীর কাছে বৃহস্পতিবার দুপুরে মায়ের ফোন নম্বর নেওয়ার কথা বলে প্রবেশ করেন ইউসুফ আলী। এরপর ঘরের দরজা ও গেট বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান অভিযুক্ত।
শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় কিশোরীটি মোবাইলে তার মাকে বিষয়টি জানান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা বলেন, “আমার নিষ্পাপ মেয়ের জীবন যে নষ্ট করেছে, আমি তার ফাঁসি চাই। আমরা গরিব মানুষ। আসামিরা প্রভাবশালী, তারা নাকি টাকা দিয়ে সব কিনে ফেলেছে; তাই তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি টাকার অভাবে অসুস্থ মেয়ের প্রয়োজনীয় পরীক্ষা-পরীক্ষা ও ওষুধও কিনতে পারছি না।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বাদীর এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।