ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত শনাক্ত করার লক্ষ্যে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার বিভিন্ন সড়কে স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার মাধ্যমে মোটরসাইকেলের নম্বর প্লেট আরও সহজে ও নির্ভুলভাবে শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিআরটিএকে। তবে এই নতুন নিয়ম বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।