সোনাল দিনুশার একাকী লড়াই শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। মানব সুতারের বিধ্বংসী বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে স্বাগতিকরা, ফলে গল টেস্টে ১৬৫ রানের বড় জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।
৩৭২ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে ২০৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন সুতার। প্রথম ইনিংসেও ৪টি উইকেট নেওয়া এই স্পিনার পুরো ম্যাচে মোট ১০টি উইকেট নিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন।
পঞ্চম দিন শুরু হয়েছিল ভারতের জয়ের অপেক্ষা এবং শ্রীলঙ্কার টিকে থাকার লড়াই দিয়ে। আগের দিনের ৪ উইকেটে ৮৪ রান থেকে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। ধনাঞ্জয়া ডি সিলভা ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশার প্রতিরোধে এক পর্যায়ে ম্যাচ বাঁচানোর আশা জাগে শ্রীলঙ্কার। তবে ১৫১ বলে ৫৯ রান করার পর রবীন্দ্র জাদেজার শিকার হন ধনাঞ্জয়া। এরপর প্রসিধ কৃষ্ণা ১০ রানে ফেরান নিরোশান ডিকভেলাকে। ১৫৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে স্বাগতিকরা।
এক প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন দিনুশা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান। কেশারা নুয়ান্থাকে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করে দলকে ১৯৯ রানে নিয়ে যান তিনি। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুতার।
৮৪ রানে দিনুশাকে আউট করার ঠিক পরের বলেই প্রবাথ জয়াসুরিয়াকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। এরপর লাহিরু কুমারাকেও শূন্য রানে ফিরিয়ে শ্রীলঙ্কার পরাজয় নিশ্চিত করেন তিনি। সবশেষে ২০ রানে কেশারা নুয়ান্থাকে বোল্ড করে ২০৬ রানেই ইনিংস শেষ করেন সুতার।
ম্যাচে সুতার ছাড়াও প্রসিধ কৃষ্ণা ১৬ রানে ২ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬২ রান সংগ্রহ করেছিল ভারত। দেবদূত পাডিক্কাল ক্যারিয়ারসেরা ১৬৭ রানের পাশাপাশি লোকেশ রাহুল ৮২ এবং ধ্রুব জুরেল ৫১ রান করেন। জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, ফলে ১৭৮ রানের লিড পায় সফরকারীরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দিনুশা অপরাজিত ১০০ এবং ডিকভেলা ৮০ রান করেন। ভারতের হয়ে সুতার নেন ৪টি এবং জাদেজা ৩টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের সামনে ১৯৩ রানেই থেমে যায় ভারত। ঋষভ পন্ত ৬৬ ও পাডিক্কাল ৪৪ রান করেন। আসিথা ফার্নান্দো ৪টি এবং প্রবাথ জয়াসুরিয়া ৩টি উইকেট নেন। তবে প্রথম ইনিংসের বড় লিডের কারণে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান, যা তারা অর্জন করতে ব্যর্থ হয়।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৬২ ও ১৯৩।
শ্রীলঙ্কা: ২৮৪ ও ২০৬।
ফলাফল: ভারত ১৬৫ রানে জয়ী।