দেশের ক্রিকেট প্রশাসনের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি হিসেবে প্রথমবারের মতো এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েই সংস্থাটির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।
গত ২২ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বিসিবির নেতৃত্ব দেওয়ার পর প্রথমবার অংশগ্রহণ করেন তামিম।
এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার, উদীয়মান ক্রিকেটীয় শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে গেম ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটির চেয়ারম্যান হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ করায় এশিয়ার ক্রিকেট উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
একই সভায় এসিসির প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বদল হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও যুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে পালাক্রমে এসিসির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে আফগানিস্তানও।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাহী বোর্ডেও নতুন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন কাতার ও সিঙ্গাপুরের কর্মকর্তারা। অন্যদিকে, সহযোগী সদস্যদের মধ্য থেকে মালদ্বীপ ও বাহরাইনের প্রতিনিধিরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।