দিয়েগো সিমিওনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা তিনি। অথচ আতলেটিকো মাদ্রিদের সমর্থকদের কাছেই এখন অবাঞ্ছিত তাদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের পর প্রথমবার মেত্রোপলিতানোয় ফিরেই দুয়ো শুনেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে আলভারেজের নাম ঘোষণা হতেই গ্যালারি থেকে ভেসে আসে দুয়ো। খেলা চলার সময় এবং শেষেও তার উদ্দেশে শোনা যায় বিরূপ স্লোগান। ঘরের মাঠে নিজের দলের সমর্থকদের এমন আচরণ আলভারেজকে ঘিরে চলা দলবদল নাটককে আরও জটিল করে তুলেছে।

সমস্যার শুরু গত ২২ জুন। বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের পর আলভারেজ বলেছিলেন, ‘সবার জন্য ভালো হবে দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

আলভারেজের সেই স্বপ্নের গন্তব্য বার্সেলোনা বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। কথাটি ভুলতে পারেননি আতলেটিকোর সমর্থকেরা। নতুন মৌসুমে তাকে প্রথমবার সামনে পেয়েই নিজেদের ক্ষোভ বুঝিয়ে দিয়েছেন তারা।

দলবদলের সময়সীমা শেষ হতে বাকি আট দিন। তবে বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় আতলেটিকো। একই লিগের প্রতিদ্বন্দ্বীর কাছে দলের সেরা ফরোয়ার্ডকে ছাড়তে চায় না মাদ্রিদের ক্লাবটি।

আতলেটিকোর অভিযোগ, গত মৌসুম চলাকালে নিয়মবহির্ভূতভাবে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। প্রকাশ্যে দল ছাড়ার কথা বলতেও তার ওপর চাপ তৈরি করা হয়েছিল বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছে ক্লাবটি।

প্রতিবেদন অনুযায়ী, আলভারেজের জন্য কিস্তিতে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা। ট্রান্সফারমার্কেটে তার মূল্য ধরা হয়েছে ১২ কোটি ইউরো। আতলেতিকোর অবস্থান আরও কঠোর। ১৫ কিংবা ২০ কোটি ইউরোতেও তাকে বিক্রি করতে রাজি নয় তারা। আলভারেজের চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর ছাড়পত্রের মূল্যই চাইছে স্প্যানিশ ক্লাবটি।

বার্সেলোনার বাইরে আর্সেনালের আগ্রহের কথাও শোনা গেছে। তবে ইংলিশ ক্লাবটিতে যাওয়ার ব্যাপারে আলভারেজের আগ্রহ কম বলে জানিয়েছে এএস।

সমস্যা হলো, আলভারেজকে যেমন ছাড়তে চায় না আতলেটিকো, তেমনি বর্তমান পরিস্থিতি নিয়েও স্বস্তিতে নেই কেউ। সিমিওনের শিরোপা জয়ের পরিকল্পনায় একজন বিশ্বমানের গোলদাতা প্রয়োজন। সেই সামর্থ্য আলভারেজের আছে বলেই তাকে ধরে রাখতে মরিয়া তিনি।

আতলেটিকো কোচ বলেন, ‘শিরোপা জিততে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে শীর্ষ মানের ফরোয়ার্ড প্রয়োজন এবং আমাদের তা আছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে।’

দলের ভেতর থেকেও আলভারেজের পাশে থাকার বার্তা এসেছে। সিমিওনের ছেলে ও আতলেটিকোর ফুটবলার জুলিয়ানো বলেন, ‘হুলিয়ান আমাদের খেলোয়াড়। মাঠে আমরা তার জন্য সর্বস্ব দিয়ে লড়ব।’

অধিনায়ক ইয়ান ওবলাকও সমর্থন জানিয়েছেন। তবে তার কথায় পরিস্থিতির অস্বস্তিও স্পষ্ট, ‘যত দিন সে আমাদের সঙ্গে আছে, আমরা তাকে সমর্থন করব। পরিস্থিতিটি কারও জন্যই স্বস্তিকর নয়।’

এখন গোল এবং পারফরম্যান্স দিয়েই সমর্থকদের আস্থা ফেরাতে হবে আলভারেজকে। একই সঙ্গে দেখাতে হবে আতলেটিকোর হয়ে লড়ার পূর্ণ ইচ্ছা। দলবদলের বাজার বন্ধ হতে আট দিন বাকি। এর মধ্যেই সিমিওনেকে এমন একজন তারকাকে সামলাতে হবে, যাকে তার দলের প্রয়োজন, কিন্তু যাকে আর আপন ভাবতে পারছেন না সমর্থকেরা।