উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম হোটেলে এক অস্বস্তিকর ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনাটি গত বুধবার। দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে টিম হোটেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় বলে জানা গেছে। পরে জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।
খবর পেয়ে পুলিশ টিম হোটেলেও যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে।
তবে কী বিষয় নিয়ে দুই কোচের মধ্যে বিরোধের শুরু, কিংবা জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে ঠিক কী অভিযোগ করেছিলেন—তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে দলের ম্যানেজার সামিদ কাশেম মুক্তকণ্ঠকে বলেন, ‘বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। আশা করি খুব শিগগির একটি সুন্দর সমাধান হয়ে যাবে।’
এ ঘটনায় জেরার্ড জোন্সের বক্তব্য পাওয়া যায়নি। কয়েকবার কল দেওয়ার পরও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরও কোনো উত্তর দেননি।
৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ অনূধ্ব–২০ দলের ২৭ আগস্ট দেশ ছাড়ার কথা। প্রতিযোগিতার আগে কোচিং স্টাফের মধ্যে এমন বিরোধ দলের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।