অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি–টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। টানা তিন ম্যাচে জয়লাভ করে ৯ দলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল বাংলাদেশ এইচপি একাদশই সবকটি ম্যাচে জয় পেয়েছে।
মারারা ওভালে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে তারা যাত্রা শুরু করে। এরপর একই মাঠে হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে ৩ উইকেটের জয় পায় দল। সর্বশেষ ভিক্টোরিয়া সিএ দলকে ৫ উইকেটে পরাজিত করে শীর্ষস্থান নিশ্চিত করে এইচপি একাদশ।
আজকের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া সিএ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হারপার এবং ৩০ রান করেন ওয়ানডে অভিজ্ঞ উইল সাদারল্যান্ড। বাংলাদেশের হয়ে অফ স্পিনার রুবেল ১৫ রানে ৪ উইকেট এবং বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৮ রানে ৩ উইকেট শিকার করেন।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে এইচপি একাদশ। ৭.২ ওভারে ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে ইরফান শুক্কুর ও শামীম হোসেনের দৃঢ় ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। অধিনায়ক শুক্কুর ৩২ বলে ৪৩ রান এবং শামীম হোসেন ৩৩ বলে অপরাজিত ৫১ রান করেন। শামীমের ইনিংসে ছিল ৩টি ছক্কা।
ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। প্রথম ওভারেই আউট হন ওপেনার হাবিবুর রহমান। অন্য ওপেনার জিসান আলম করেন ১১ রান। তিনে নেমে আরিফুল ইসলাম ১৫ এবং চারে নেমে সাব্বির ৫ রান করে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া সিএ: ১৯.১ ওভারে ১৩১ (হারপার ৪৯, সাদারল্যান্ড ৩০, রজার্স ১৩, ব্লাকফোর্ড ১১; রুবেল ৪/১৫, রাকিবুল ৩/২৮, রিপন ১/৩০, সাকলাইন ১/৩১)।
বাংলাদেশ এইচপি একাদশ: ১৭.২ ওভারে ১৩৬/৫ (শামীম ৫১*, শুক্কুর ৪৩, আরিফুল ১৫, জিসান ১১, সাকলাইন ৬*; হোয়েকাস্ত্রা ২/১৫, আরিয়ান ১/১৩, এলিয়ট ১/২৯)।
ফল: বাংলাদেশ এইচপি একাদশ ৫ উইকেটে জয়ী।