দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। এই দুই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং এই দুই খাতে পারস্পরিক লাভজনক সহযোগিতা নিশ্চিত করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের উভয় মন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, খলিলুর রহমান বর্তমানে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।