শপথ গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
পরবর্তীতে দুপুর ১টা ৫০ মিনিটে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। পুষ্পস্তবক অর্পণের পর তারা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের স্মারক গ্রন্থে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
জানা গেছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আলাদাভাবে স্মৃতিসৌধে প্রবেশ করেন। ভিআইপি লাউঞ্জে কিছু সময় বিশ্রাম শেষে তথ্যমন্ত্রী ব্যতীত বাকি তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেন। এর ২০ মিনিট পর তথ্যমন্ত্রী তার নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে, এদিন সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধের মূলবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে অনুভূতি লিপিবদ্ধ করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।