এসএসসি পাসের আনন্দের মিষ্টির টাকা দিয়ে বন্ধুর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিল একদল শিক্ষার্থী। তাদের সেই মানবিক উদ্যোগের পর এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাঈম সিকদারের (১৬) মায়ের চিকিৎসার জন্য দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনে এক অনুষ্ঠানে নাঈমের দাদা আবদুস সাত্তার সিকদারের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম।

নাঈমের মা লাইলি বেগম (৪৫) বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যানসার চিকিৎসাধীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাঈমের বাবা আবদুল সিকদার ধারদেনা করে কাতারে গেলেও এখনো কাজ পাননি। এই কঠিন সময়ে লাইলি বেগমের ক্যানসার শনাক্ত হওয়ায় পরিবারটি চরম সংকটে পড়ে।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে লাইলি বেগমের ক্যানসার ধরা পড়ে। ফল প্রকাশের পর পাসের আনন্দে মিষ্টিমুখ না করে সেই টাকা নাঈমের মায়ের চিকিৎসায় দেওয়ার সিদ্ধান্ত নেয় তার সহপাঠীরা। গত ১৬ আগস্ট তারা ৪০ হাজার টাকা নাঈমের দাদার হাতে তুলে দেয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও এই উদ্যোগে যোগ দেন।

শিক্ষার্থীদের এই উদ্যোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই চিকিৎসার জন্য দুই লাখ টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়।

নাঈম বলেন, "মায়ের অসুস্থতার পর পুরো পরিবারই দুশ্চিন্তায় ছিল। বাবাও বিদেশে গিয়ে এখনো কাজ পাননি। এমন সময়ে বন্ধুরা পাসের আনন্দের টাকা মায়ের চিকিৎসায় দিয়ে পাশে দাঁড়ায়। এবার প্রধানমন্ত্রীর সহযোগিতা পাওয়ায় পরিবারের সেই দুশ্চিন্তার মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।"

শিক্ষার্থীদের এই মানবিক আচরণে আবেগাপ্লুত বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে তিনি আপ্লুত হয়েছেন। তাদের উদ্যোগ প্রধানমন্ত্রীর নজরে পড়েছে। এতে নাঈমের পরিবার সহযোগিতা পাওয়ায় বিদ্যালয়ের সবাই আনন্দিত।"

নাঈমের বন্ধু ইমরান, জাহিদ ও আপন জানান, পাসের আনন্দে মিষ্টি খাওয়ার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে তাদের বেশি ভালো লেগেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা ও কলতান বিদ্যানিকেতনের পরিচালক আমিনুল ইসলাম।