মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর জানান, ইন্টারপোলের সঙ্গে সংস্থাটির প্রতিটি সদস্যদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা হলো এনসিবি। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এনসিবি অবস্থিত। এনসিবি আন্তর্জাতিক অপরাধী ও পলাতক ব্যক্তিদের তথ্য আদান-প্রদান এবং গ্রেপ্তারে কাজ করে।
নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা জানতে পেরেছেন, আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই তথ্য নিশ্চিত হওয়ার পর গতকাল সোমবার তাঁরা এনসিবিকে ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি দেন।
এনসিবি ইন্টারপোলের কাছে চিঠিটি পাঠিয়েছে কি না জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘তা তো বলতে পারব না। গতকাল আমরা দিয়েছি। আমাদের দেওয়া মানেই হলো তারা এটা ফরওয়ার্ড করবে।’
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির একজন আজিজ আহমেদ। এই মামলার ১১ আসামি গ্রেপ্তার আছেন। বাকি আসামিদের মধ্যে একজন আজিজ আহমেদ।
সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের সাহায্য নিয়ে রেড নোটিশ জারির মাধ্যমে আজিজ আহমেদকে গ্রেপ্তার করে দেশে আনার জন্য তাঁরা এনসিবিকে চিঠিটি দিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে এনসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গতকাল শুধু আজিজ আহমেদের বিষয়েই এমন চিঠি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন—এটা তাঁরা নিশ্চিত হতে পেরেছেন। এ কারণে শুধু তাঁর বিষয়েই চিঠি দেওয়া হয়েছে। এই মামলার অন্য আসামিদের অবস্থান নিশ্চিত হতে পারলে তাঁদের বিষয়েও এমন চিঠি দেওয়া হবে।