ভারতের বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিনে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ফিল্ডিং করার সময় ডান কাঁধ ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সতর্কতামূলক স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুর দিকেই এই দুর্ঘটনাটি ঘটে। লোকেশ রাহুলের একটি শট বাউন্ডারিতে পৌঁছানো ঠেকাতে ডাইভ দেন চান্দিমাল। বলটি আটকাতে পারলেও মাটিতে পড়ার সময় তার কাঁধ ও ঘাড়ে প্রচণ্ড চাপ পড়ে।

মাঠে পড়ার পরপরই অস্বস্তিতে দেখা যায় ৩৬ বছর বয়সী এই ব্যাটারকে। ঘাড়ের পেছনের অংশ ধরে কিছুক্ষণ মাঠে শুয়ে ছিলেন তিনি। দ্রুত সেখানে ছুটে আসেন শ্রীলঙ্কা দলের ফিজিও ও চিকিৎসক। প্রাথমিক পরীক্ষা শেষে আর ফিল্ডিং চালিয়ে যেতে পারেননি চান্দিমাল।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, "চান্দিমালের ডান কাঁধ ও ঘাড়ে আঘাত লেগেছে। মাঠেই দলের ফিজিও ও চিকিৎসক তাকে পরীক্ষা করেন। পরে সতর্কতামূলকভাবে স্ক্যান করাতে হাসপাতালে পাঠানো হয়। স্ক্যানের ফল পাওয়ার পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।"

চান্দিমালের এই চোট শ্রীলঙ্কার জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ১৬ বলে ৪ রান করে ভারতীয় স্পিনার মানব সুতারের বলে আউট হন তিনি।

ভারতের ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১৭৮ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। প্রথম ইনিংসে মানব সুতার ৭৬ রানে ৪ উইকেট এবং রবীন্দ্র জাদেজা ৩ উইকেট শিকার করেন।

এখন শ্রীলঙ্কার প্রধান চিন্তা হলো, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য চান্দিমাল ফিট হতে পারবেন কি না। হাসপাতালের স্ক্যানের ফল হাতে আসার পর তার চোটের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।