মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এই অভিযানে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার রূপশপুর চিড়িয়াখানা রোডসংলগ্ন স্থানে প্রথম অভিযানটি চালানো হয়। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পাশ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এরপর মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ছাতির মিয়া কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

অভিযান শেষে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, “প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও সাধারণ মানুষের ক্ষতি করতে দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি আওতায় আনতে এবং বালুখেকো চক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”