বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি এই বিষয়টি আমলে নিচ্ছেন না। সোমবার (১৭ আগস্ট) পিএসি কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের প্রতিবেদনটি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রিপোর্ট এখনও পড়িনি। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।"
পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরে তিনি আরও বলেন, "পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে— এমন কিছু হতে পারে। প্রতিবেদন পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারব না। আর অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।"
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি এবং গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল-কায়েদা। আল-কায়েদা ইন দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সংক্রান্ত এই তথ্য প্রকাশের পর সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই।