শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি। সোমবার (১৭ আগস্ট) কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষক সোহেলী আক্তার ওই কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক। কলেজ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সোহেলী আক্তার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড প্রকাশ করেন। ওই ফটোকার্ডে বঙ্গবন্ধুর ছবির পাশে ‘গভীর শোক’ লেখা ছিল এবং ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘বিনম্র শ্রদ্ধা’।
ঘটনার পর রোববার কলেজে এসে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। এরপর সোমবার তার ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে গভর্নিং বডির জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, “সোহেলী আক্তার একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সভায় উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। বরখাস্তের আগে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।”
এদিকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে প্রভাষক সোহেলী আক্তার বলেন, “আমাকে বরখাস্ত করা হয়েছে—এমন কোনো বিষয় আমি জানি না। আমার বিরুদ্ধে কী অভিযোগ, সেটিও আমাকে জানানো হয়নি।” এ বিষয়ে আপাতত তার কোনো বক্তব্য নেই বলেও জানান তিনি।