স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যে পদেই থাকুন না কেন, জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা তাঁর সবসময় থাকবে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে মন্ত্রী বলেন, “আমি কখনো ভাবিনি যে এত বড় দায়িত্ব পাব। এটি দলের বিশ্বাস এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।” তিনি আরও উল্লেখ করেন, “যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় এলাকার জনগণ ও সামগ্রিক উন্নয়নের পাশে থাকবো।”

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা তাঁকে অভিনন্দন জানালে মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি (বাংলাদেশ প্রতিদিন) মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক (সমকাল) দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি (স্টার টিভি) মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক (কালবেলা) শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক (বাসস) জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক (৭১ টেলিভিশন) আব্দুল লতিফ, প্রচার সম্পাদক (জিটিভি) সাজ্জাদ হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক (নিউজ ২৪) মোছা. শিউলী বেগম নাহিদ উপস্থিত ছিলেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম এবং নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, মুক্তকণ্ঠের তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।