ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সদর উপজেলার ৯টি দল অংশ নেয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে মিনিপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় এই নৌকাবাইচ। ঢাক-ঢোলের শব্দ আর দর্শকদের করতালির মধ্য দিয়ে প্রতিযোগীরা দ্রুতগতিতে বৈঠা চালিয়ে এগিয়ে যান। নদীর দুই তীরে এই দৃশ্য দেখতে ভিড় জমান বিপুলসংখ্যক মানুষ।

প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম স্থান অধিকার করে। এছাড়া চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান লাভ করে।

নৌপথে প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল দায়িত্ব পালন করে।

প্রতিযোগিতা শেষে মিনিপার্ক এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।