চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশের আমদানি বাড়ায় বাজারে দাম কিছুটা কমেছে। ফলে মতলবের আমিরাবাদ, ষাটনল, মতলব বাজার, চাঁদপুর বড় স্টেশন ঘাট ও হরিণা ফেরিঘাট এলাকায় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে, এক কেজি ওজনের ইলিশ গত কয়েকদিন আগে যেখানে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন মাছঘাট ও হরিণা ফেরিঘাটসংলগ্ন ইলিশের আড়তে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নদীতে মাছ আহরণের পর জেলেরা সরাসরি এসব আড়তে বরফ ছাড়া তাজা ইলিশ বিক্রি করেন।
বড় স্টেশন মাছঘাটের আড়তে বর্তমানে কেনাবেচার তুমুল ব্যস্ততা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহ আগে জেলেদের অধিকাংশ সময় খালি হাতে ফিরতে হওয়ায় এখানে ক্রেতার সংখ্যা ছিল বেশ কম।
হরিণার জেলে হান্নান গাজী বলেন, "গত কয়েক সপ্তাহ জ্বালানি খরচ না ওঠায় নদীতে মাছ ধরতে যাওয়া হয়নি। গত দুদিন ধরে আবার নদীতে ইলিশের বিচরণ বেড়েছে। প্রস্তুতি নিচ্ছি, আবারও নদীতে নামব।"
কুমিল্লা থেকে ইলিশ কিনতে আসা জাহিদুল ইসলাম জানান, তিনি ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ৪টি ইলিশ কিনেছেন ৯ হাজার টাকায়। এ ছাড়া বিভিন্ন আকারের মিলিয়ে মোট ১৮ হাজার টাকার ইলিশ কিনেছেন। তিনি জানান, বরফ ছাড়া সরাসরি পদ্মা-মেঘনার তাজা ইলিশ পাওয়ার কারণেই তিনি এখানে এসেছেন।
পাইকারি ইলিশ বিক্রেতা জসিম উদ্দিন সৈয়াল বলেন, "এক সপ্তাহ আগেও ইলিশের সরবরাহ ছিল খুবই কম। গত কয়েক দিন আবার জেলেদের জালে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩ হাজার ২০০ টাকা। এ ছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা এবং ছোট আকারের ইলিশ প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।"
স্থানীয় বাসিন্দা শাহনাজ বেগম ইলিশ কিনতে এসে বলেন, "কয়েক দিন আগের আকাশছোঁয়া দামের তুলনায় আজকে ইলিশের দাম কিছুটা কম। তবে চাঁদপুরের মানুষ হয়েও চড়া দামের কারণে আমরা পর্যাপ্ত ইলিশ খেতে পারি না।"
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, নদীতে এখন পর্যাপ্ত পানি রয়েছে এবং ইলিশের ভরা মৌসুম চলছে। এই অবস্থা বজায় থাকলে সরবরাহ আরও বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলায় নদীতে মাছের বিচরণ বাড়ছে, যার ফলে জেলেরাও পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন।