গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন। সাধারণত তিনি মোটরসাইকেল চালাতেন এবং অন্যরা তার সেই ভিডিও ধারণ করতেন, যা পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করতেন। ঘটনার দিনও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, "নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছেন।"

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, "মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।"