সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে অশালীন কটূক্তি ও হয়রানির অভিযোগে সুজন মোড়ল (৩৪) ও হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী (৫৭) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সুজন মোড়ল ও হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থী তার স্বামী, রুমমেট, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ একটি দল নিয়ে সুন্দরবন ভ্রমণে যান। পরদিন ১৬ আগস্ট বিকেলে তারা মোংলা থেকে থ্রি-হুইলার (মাহিন্দ্র) যোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। সেখান থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যার দিকে তারা একটি মাইক্রোবাস ভাড়া করেন।

শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় বিকাশ থেকে টাকা তোলার জন্য তিনি তার রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের কাছে ‘দিগন্ত পরিবহন’-এর কাউন্টারের সামনে যান। অভিযোগ উঠেছে, সেখানে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য এবং তার পোশাক নিয়ে অশালীন কটূক্তি করেন। শিক্ষার্থী এর প্রতিবাদ করলে হুমায়ুন কবীর হাতে জুতা নিয়ে তাকে ভয়ভীতি দেখান। এ সময় সুজন মোড়লও তাদের উদ্দেশ করে অশোভন আচরণ ও কটূক্তি করেন।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার সঙ্গে থাকা সহপাঠী ও স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাছে জবাব চান। এতে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীর সহপাঠী সিনথিয়া রহমানের নাকে ঘুষি মারেন এবং সিনথিয়ার স্বামী আহম্মেদ জুবায়েরকেও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন।

এই ঘটনার প্রেক্ষিতে জাবির ভুক্তভোগী শিক্ষার্থী নিশাত তাসমিন টুম্পা বাদী হয়ে অভিযুক্ত হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী ও সুজন মোড়লের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, "জাবি শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগে থানায় মামলা দায়েরের পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।"