ভিসা আবেদনকারীদের অসাধু এজেন্ট ও দালালদের মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সম্প্রতি এক সতর্কবার্তায় হাইকমিশন জানিয়েছে, কিছু অসাধু দালাল আবেদনকারীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের ভুয়া ভিসা স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার মতো জালিয়াতি করছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, যারা নিশ্চিত ভিসা বা সহজে ভিসা অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস করা উচিত নয়। কারণ ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই। একই সঙ্গে আবেদনকারীদের মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প ও তথ্যযুক্ত পাসপোর্ট বা নথিপত্র জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, ভিসা যাচাইয়ের সময় এ ধরনের জালিয়াতি শনাক্ত করা হয়।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, জাল বা বিকৃত নথিপত্রসহ আবেদন বাতিল করা হবে এবং এর নেতিবাচক প্রভাব ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও পড়তে পারে। এছাড়া ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবি করা কোনো এজেন্ট বা দালালকে টাকা না দেওয়ার জন্য আবেদনকারীদের আহ্বান জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন আবেদনকারীদের নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার পাশাপাশি প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছে। কেউ যদি এ ধরনের সেবা দেওয়ার প্রস্তাব দেয় কিংবা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে জানা যায়, তবে তা [email protected] ঠিকানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
দালালদের কারণে যেন আবেদনকারীদের অর্থ, পাসপোর্ট কিংবা ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা ঝুঁকিতে না পড়ে, সেই লক্ষ্যেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।