নীলফামারীর ডিমলা উপজেলায় সেচ ক্যানেলের পানিতে ডুবে পাখি আক্তার (১২) ও সিনহা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর খালা ও ভাগনি বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পাখি আক্তার ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে এবং সিনহা আক্তার একই এলাকার আবুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে পাখি ও সিনহা খেলা করছিল। খেলার একপর্যায়ে সিনহা দুর্ঘটনাবশত ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পানিতে নামলে পাখি আক্তার নিজেও ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"