মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (১৬ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
থানায় দায়ের করা জিডি ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবদুল মান্নান ব্যাপারীর (৭৯) সঙ্গে একই এলাকার প্রভাবশালী আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেনের মধ্যে বসতবাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযোগ করা হয়েছে, এই বিরোধের সুযোগ নিয়ে আরিফুল ইসলাম বাবু তার বোন নাদিরা সুলতানাকে বাদী করে মাদারীপুর আদালতে তিনটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় আসামি করা হয়েছে আবদুল মান্নান ব্যাপারী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ব্যাপারী, লুৎফর ব্যাপারী, শামীম ব্যাপারী, শাহজালাল ব্যাপারী ও সাইফুল ইসলামকে।
ভুক্তভোগীদের দাবি, মামলায় জড়ানোর পর থেকে আরিফুল ইসলাম ও নাদিরা সুলতানা প্রকাশ্যেই আবদুল মান্নান ব্যাপারী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, যার ফলে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে আবদুল মান্নান ব্যাপারী কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আবদুল মান্নান ব্যাপারী বলেন, “আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেন পেশিশক্তি ব্যবহার করে আমার জমি দখল করতে চান। আমি বৃদ্ধ মানুষ, তাই আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভিটেমাটি থেকে বিতাড়িত করার চক্রান্ত চলছে। মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
এই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আরিফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”