সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া গোলাম মুক্তাদীর রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।

গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।