প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জামিন পেলেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
তানভীরের পক্ষে জামিনের আবেদন জানান বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও আইনজীবী ইজাজ আল ওয়াসী। আদালতের এই আদেশের বিষয়ে তিনি বলেন, "আদালতের এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তী সময়ে উচ্চ আদালতে জামিনের আবেদন করব।"
মামলার প্রেক্ষাপট ও তদন্ত প্রসঙ্গে ইজাজ আল ওয়াসী আরও বলেন, "যে ফেসবুক পোস্টের ভিত্তিতে মামলাটি করা হয়েছে, সেই পোস্ট দেওয়া আইডি ও ব্যবহৃত মুঠোফোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে জব্দ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া এবং জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।"
সালাউদ্দিন তানভীরের দলীয় পদ ও অব্যাহতি প্রসঙ্গে ইজাজ আল ওয়াসী জানান, তাকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের আগে মৌখিকভাবে দেওয়া ব্যাখ্যায় দলীয় নেতারা সন্তুষ্ট হলেও কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব নেওয়া সম্ভব হয়নি। ফলে লিখিত জবাবের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতির আদেশ প্রত্যাহারের সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।